মহারাষ্ট্রে আস্থা ভোটের মাধ্যমে নিজের সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশকে। বিরোধী জোটের সঙ্গে একমত হয়ে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আনন্দবাজার পত্রিকা জানায়, সুপ্রিম কোর্টের এ ঘোষণায় কার্যত জয় পেল শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। অন্যদিকে ধাক্কা খেলো বিজেপি তথা দেবেন্দ্র ফড়নবিশ শিবির।
বুধবারই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফড়নবিশ সরকারকে। বিরোধী জোটের দায়ের করা মামলায় এ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অতি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে বুধবার বিকেল পাঁচটার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশও দিয়েছে দেশটির শীর্ষ আদালত।
মহারাষ্ট্রে সরকার গঠনের বিরোধিতা এবং ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার আরজি জানায় শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট। শুনানি হয় তিন সদস্যের বেঞ্চে। সেখানে জানানো হয়, কোনো গোপন ব্যালট নয়, সরাসরি সম্প্রচার করতে হবে আস্থা ভোট প্রক্রিয়া।
রায়ের পরেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বলেন, ‘‘আমরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।’’ কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেন, ‘‘আমরা আদালতে ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানিয়েছিলাম। আদালত আমাদের সেই দাবিকে মান্যতা দিয়েছে।’’
শনিবার সকালে অনেকটা লোকচক্ষুর অন্তরালে মুখ্যমন্ত্রীর পদে দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নেন অজিত পাওয়ার। সেই প্রক্রিয়াকে ‘অবৈধ’ দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট।