বাংলাদেশকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে: কাদের

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজ, তাদেরকে না বলতে হবে। একসময় যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, ছাত্ররাজনীতি করেছে তাদেরকে নেতৃত্বের আনতে হবে।

তিনি বলেন, ‘দলকে ঢেলে সাজাতে হবে। দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে। কেননা বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছায় মঙ্গাপীড়িত তিস্তা পাড়ের রংপুর এখন অনেক উন্নত, এখন আর মঙ্গা নাই।’

তিনি বলেন, রংপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। অচিরেই রংপুর গঙ্গাচড়া, হাজিরহাট ও মিঠাপুকুর এলাকার সড়ক উন্নয়ন শুরু হবে। বগুড়া-রংপুর ফোর-লেন রাস্তার কাজসহ উত্তরাঞ্চলের ব্রিজ উন্নয়নের কাজও শুরু হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর কবির নানক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএম মোজাম্মেল হক, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুনসি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মি আখতার, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।