একাডেমিক কাজে বাধা সৃষ্টকারী শিক্ষক-শিক্ষিকাদের অচিরেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেশনজট নিরসনের লক্ষ্যে কর্মপরিকল্পনা উপস্থাপন বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. সুমন কুমার দেবনাথ বিভাগের পক্ষ থেকে পরিকল্পনা তুলে ধরেন।
সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকদের দ্বন্দ্বে ৮মাসে ফলাফল প্রকাশ না হওয়া এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৫বছরের স্নাতক ও স্নাতকোত্তরের কোর্স ৯বছরেও শেষ হয়নি।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকদের ব্যক্তিগত দ্বন্দ্বে যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে বিশেষ নজর দেবে প্রশাসন।
এ সময় তিনি আরও বলেন, যে সকল শিক্ষক-শিক্ষিকারা কোর্স সম্পন্ন ও ফাইনাল পরীক্ষার খাতা যথা সময়ে জমা দিতে ব্যর্থ হবেন তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে হাতেগোনা কয়েকটি ডিপার্টমেন্ট ছাড়া প্রায় সবগুলা ডিপার্টমেন্টই সেশনজট মুক্ত রয়েছে। দু তিনটা ডিপার্টমেন্টের ব্যর্থতার দায় পুরো বিশ্ববিদ্যালয় নিতে পারে না।