বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নতুন ১ হাজার কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সাব স্টেশন স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন নতুন সাব স্টেশনের উদ্বোধন করেন। নতুন এই সাব স্টেশনের ফলে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং কমে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উদ্বোধন শেষে উপাচার্য জানান, যোগদানের পরদিন থেকেই আমি বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেবার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় যখনই এই সাব স্টেশনের ব্যাপারটা নজরে এসেছে আমি দ্রুত সেটা চালু করার উদ্যোগ নেই। আশা করি নতুন এই সাবস্টেশন চালুর ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ অব্যাহত থাকবে৷
উল্লেখ্য, ২০১৭ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পাওয়ার স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পার্শ্ববর্তী জায়গায় এ সাব স্টেশনের জন্য জায়গা নির্ধারণ করা হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে ইতোমধ্যে ৮৮ টি বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা হয়েছে।