তথাকথিত উচ্চবর্ণের মানুষের সামনে চেয়ারে বসায় ভারতে ১৪ বছরের দলিত এক কিশোরকে বেধড়ক পিটিয়েছে প্রভাবশালীরা।
পুলিশ জানিয়েছে, নবম শ্রেণির ছাত্র বনসকান্তা গুজরাটের জেরদা গ্রামের বাসিন্দা। সংবিধান দিবসের দিনে স্কুল থেকে ফিরছিল ছেলেটি। রাস্তায় তার পথ আটকায় দরবার সম্প্রদায়ের চারজন। তারা জানতে চায়, ‘কোন সাহসে আমাদের উপস্থিতিতে হোটেলে চেয়ারে বসেছিলি তুই?’
কী হয়েছে বুঝে ওঠার আগেই ছেলেটিকে হেনস্তা করা শুরু করে ওই চারজন। ছেলেটি বাধা দিলে বেধড়ক মারধর করা হয়।
দলিত সম্প্রদায়েরই আর এক তরুণ ওই দৃশ্য দেখে ছেলেটিকে বাঁচাতে গেলে তাকেও জাতপাত তুলে হেনস্তা করে অভিযুক্তরা। আক্রান্তরা চিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়।
আক্রান্ত যুবকের বাবা জানিয়েছেন, ‘ওদের এমনভাবে পেটানো হয়েছে যে ওরা বসতে, দাঁড়াতেও পারছে না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে কোনও অভিযোগ দায়ের হয়নি।’
ভারতে দলিতদের ‘নিচু জাতের’ মানুষ মনে করে অন্য সম্প্রদায়। তাদের সঙ্গে মিশতে চায় না তারা।