কারিনার প্রত্যাখ্যানেও পিছপা হননি সাইফ

সাইফ আলী খানকে বিয়ে করতে নাকি প্রথমে একেবারেই রাজি ছিলেন না কারিনা কাপুর খান। ছোট নবারের দেওয়া বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানও করেন দুবার। সম্প্রতি বিয়ে নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করলেন বেবো।

পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা বলেন, “তাসান’-এর সেটে আমাকে প্রথমবার বিয়ের প্রস্তাব দেয় সাইফ। সে সময় আমরা ছিলাম গ্রিসে। প্রথমবার আমি না বলি। এরপরও একইভাবে লাদাখেও প্রোপোজ করেছিল। সেই সময়ে আমি সরাসরি রিজেক্ট না করলেও ওকে বলেছিলাম,‘আমি জানি না, আমি তো ঠিক করে তোমাকে চিনিও না।”

কিন্তু মনে মনে ইচ্ছা ছিল বেশ। ‘না করব না’র জায়গায় তাই ঘুরিয়ে বলেছিলেন, ‘‘আমি ঠিক জানি না।’’ সময় নিয়ে আরও ভালোভাবে জানতে চেয়েছিলেন সাইফকে। ক্রমশ তাকে মনে ধরে কারিনার।

এরপর ২০১২ সালে সাইফ ও কারিনা বিয়ে করেন। বর্তমানে তাদের ঘরে রয়েছে ছেলে তৈমুর আলী খান।

বিয়ের আগে সাইফকে একটা শর্ত দিয়েছিলেন কারিনা। বলেছিলেন, তার ক্যারিয়ারে কোনো রকম বাধা দেওয়া যাবে। বিয়ের পরেও অভিনয় চালিয়ে যাওয়ার পূর্ণ সমর্থন দিতে হবে। কথা রেখেছেন সাইফ। বিয়ে, সন্তান ও সংসার— কোনো দিনই কারিনার ক্যারিয়ারে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

কারিনাকে সামনে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ সিনেমায়। বর্তমানে শুটিং করছেন ‘লাল সিং চাড্ডা’র, সঙ্গে আছেন আমির খান। অন্যদিকে জানুয়ারিতে ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতে দেখা যাবে সাইফকে।