পেঁয়াজ সংকটে ভুগছে ভারত। কেজি প্রতি ১০০ রুপি পেঁয়াজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে দেশটির সাধারণ মানুষের।
এমন পরিস্থিতিতে পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিহারের বিধানসভায় হাজির হলেন এক বিধায়ক।
এনডিটিভি জানায়, বুধবার বিহারের বিরোধী দল আরজেডির বিধায়ক শিবচন্দ্র রাম পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় হাজির হন।
পেঁয়াজের মালা পরে বিধানসভায় ঢুকতে দেখে তার দিকে দৌড়ে আসেন ফোটোগ্রাফাররা।
রাজা পাকার এলাকার এই বিধায়কের অভিযোগ, ‘মূল্যবৃদ্ধির দাপটে মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। পেঁয়াজের দাম ৫০ রুপির নিচেই থাকে। কিন্তু এগুলো (গলার মালার দিকে ইশারা করে) আমি ১০০ রুপি কেজিতে কিনেছি।’
তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ‘ফাঁপা প্রতিশ্রুতি’ অভিযোগ তোলেন। নির্বাচনে আগে ক্ষমতাসীন জনতা দলের প্রতিশ্রুতি ছিল, সব ধরনের সবজির দাম ৩৫ টাকা বা তার নিচে থাকবে।
বিধানসভায় ঢোকার আগে আরজেডির এই নেতা বলেন, ‘আমি এই মালা পরে ভেতরে যাব। আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুক। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। আমার দাবি, গরিবদের জন্য প্রতি কেজি পেঁয়াজের মূল্য ১০ রুপি করে দিক সরকার।’
তবে বিধানসভায় এ নিয়ে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া দুপুরের বিরতির আগ পর্যন্ত বিধানসভায় উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।