স্টিভ জবসের স্বাক্ষরে ফ্লপির দাম ৬ লাখ

বাজার থেকে অনেক আগেই বাতিল হয়ে গেছে ফ্লপি ডিস্ক। বর্তমানে এই ডিস্ক ব্যবহার করেন না কেউ। তবে বাতিল হলেও কিছু জিনিসের দাম বেশি হয় শুধু তাতে থাকা গুরুত্বপূর্ণ কিছু মানুষের স্মৃতি থাকার কারণে। এমনই এক দামি জিনিস স্টিভ জবসের সিগনেচার করা ফ্লপি ডিস্ক। ডিস্কটি বিক্রি হচ্ছে ৭ হাজার ৫০০ ডলারে (৬ লাখ ৩০ হাজার টাকা)। ডিস্কটিতে ম্যাকিনটোশ সিস্টেম টুলস ভার্সন ৬.০ এর একটি কপি আছে।

১৯৮৮ সালে সিগনেচার করা ফ্লপি ডিস্কটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের অকশন হাউজ আরআর অকশন। অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সিগনেচার করা জিনিসের সংখ্যা বিশ্বে খুব কম থাকায় এসব জিনিসের দাম স্বাভাবিকভাবেই বেশি। সই করা জিনিসের বেশিরভাগ বিক্রি হয় নিলামের মাধ্যমে। চলতি বছরের আগস্টে স্টিভ জবসের সিগনেচার একটি পোস্টার বিক্রি হয় ৩১ হাজার ২৫০ ডলারে। সিগনেচার করা পোস্টারটি ছিল ‘টয় স্টোরি’ সিনেমার।

পোস্টার আর ফ্লপি ডিস্কই শুধু নয়, ২০১৮ সালে স্টিভ জবসের হাতে লেখা একটি চাকরির আবেদনপত্র ১ লাখ ৭৪ ডলার (১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা) দামে বিক্রি হয়। সেই অকশনটিও করেছিল আরআর অকশন। প্রাথমিক অবস্থায় নিলামে আবেদনপত্রটির মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার মার্কিন ডলার। কিন্তু প্রত‍¨াশার তুলনায় আরও বেশি মূল্যেই বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে চাকরির জন্য লেখা আবেদনপত্রটি। এক পৃষ্ঠার আবেদনপত্র কোন পদের জন্য ছিল এবং তাতে স্টিভ জবস সফল হয়েছিলেন কি না সেই সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আবেদনপত্রটিতে স্টিভ জবসের নাম লেখা ছিল ‘স্টিভেন জবস’ এবং ঠিকানায় লেখা ছিল ‘রিড কলেজ’। ১৯৭৩ সালে স্টিভ জবস রিড কলেজে পড়তেন।