ফেনীতে জন্ম নিবন্ধন করতে এসে কার্তিক আচার্য (২৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
বুধবার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গরিব শাহ মোহাম্মদ বাদশা জানান, মহামায়া ইউপি কার্যালয়ে এসে কার্তিক আচার্য নামের এক ব্যক্তি ২৮ বছর বয়সে জন্ম নিবন্ধন সনদের আবেদন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আমার কক্ষে এনে জিজ্ঞাসাবাদ করি।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্তিক আচার্য জানায়, সে বিগত ২ বছর যাবৎ ইউনিয়নের সাত মন্দির রোডের ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাড়া থেকে আসছেন। একই বাড়ির পরিমল দাসের ছেলে বিপ্লব দাসের সিএনজি চালিয়ে সে জীবিকা নির্বাহ করত।
তিনি আরও জানান, তার প্রকৃত বাড়ি ভারতের ত্রিপুরার সাবরুং জেলার শান্তিপল্লী সাবরুং মনুভংকুল এলাকায়। তিনি ওই এলাকার মতিলাল আচার্যের ছেলে।
ইউপি চেয়ারম্যান জানান, জিজ্ঞাসাবাদের পর তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে ছাগলনাইয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. মেসবাহ উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।