হংকং সংক্রান্ত আইন নিয়ে মুখোমুখি চীন-আমেরিকা

চীনের বিরুদ্ধে হংকংয়ের আন্দোলন সমর্থন করে আমেরিকায় পাস হওয়া আইন নিয়ে শক্তিশালী দুই দেশের সম্পর্ক আবার উত্তপ্ত হয়ে উঠেছে।

 ‘হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট ২০১৯’ আইনটির প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ হংকং বিষয়ে এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে মারাত্মক হস্তক্ষেপ। এটি আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার মৌলিক নিয়মের পরিপন্থী। এ সংক্রান্ত আইন পাস যুক্তরাষ্ট্রের একটি আধিপত্যবাদী পদক্ষেপ।

আমেরিকার নতুন আইনের কারণে বেইজিং বাণিজ্যিকভাবে আরও চাপে পড়বে। মার্কিন মুলুকে এ ধরনের আইন পাস হলে ‘অভিযুক্ত’ দেশের ওপর বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করা হয়।

গণতন্ত্রের দাবিতে হংকংয়ে এখন চীনবিরোধী আন্দোলন চলছে। সেপ্টেম্বর পর্যন্ত দেশটি রীতিমতো উত্তাল ছিল। এখনো প্রায় একই অবস্থা।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হয়নি তারা।

চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক সেই আদিকাল থেকে ‘খারাপ’। ট্রাম্পের আমলে অবস্থা আরও শোচনীয়। বাণিজ্যযুদ্ধে কেউ কাউকে ছাড়ছে না।