বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে হাইকোর্টের গেট থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার হাইকোর্টের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের রমনা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার রাজীব আল জানান, বুধবার দুপুরের দিকে হাইকোর্টের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি ডিবির হেফাজতে। এরপর তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
একই সময়ে বিএনপি অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। তারা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অফিস স্টাফ মঞ্জু ও কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ ফারুক।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে তাদের আটক করে পল্টন থানা পুলিশ।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে সকাল ১০টার দিকে হাইকোর্ট গেটে আটক করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।
শাহবাগ থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে বৃহস্পতিবার সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।