বিএনপিকে ধ্বংস করার জন্য র্যাব-পুলিশ বা আওয়ামী লীগের প্রয়োজন নেই, এ জন্য আত্মবিনাশী বিএনপিই যথেষ্ট- বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “যে বিএনপি আইন-কানুন মানে না, তাদের নেতিবাচক রাজনীতিই তাদের ধ্বংস ডেকে এনেছে।”
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।
র্যাব-পুলিশ দিয়ে নির্যাতন-নিপীড়ন করে সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, “র্যাব-পুলিশ দিয়ে আমরা রাজনীতি করি না। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। রাজনীতিতে আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে, সহিংসতার পথ বেছে নিয়েছে।”
তিনি বলেন, “তারা দুদিন আগে আদালত আঙ্গিনাকে কলুষিত করেছে, পুলিশের ওপর হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। তারা খালেদা জিয়ার মামলাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের কর্ম দিয়ে জনগণের আস্থাহীনতার দিকে নিয়ে যাচ্ছে। নিজেরাই নিজেদের সংকুচিত করছে।”
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে লালন সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা ঘটে।
কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জনপ্রশান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।