সরকারপ্রধান ও সরকারের কারণেই বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘সরকার গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে না গিয়ে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকার ও সরকারপ্রধানের কারণেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না। তারা তার মুক্তিতে বাধা প্রদান করছে। তার মুক্তিতে সরকারের প্রতিহিংসার মনোভাব থাকায় এক নিষ্ঠুর স্কিম বা ছক অনুযায়ী তারা কাজ করছে। ক্ষমতার মোহে অন্ধ উন্মত্তের মতো আচরণ করছে খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিয়ে এই সরকার।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে কোনো চক্রান্ত সফল হবে না। আইন-আদালত, নির্বাচন কমিশন, গণমাধ্যমকে করায়ত্ত করে কোনো লাভ হয় না। কারণ খালেদা জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী।’