ভোলা জেলার মনপুরা এবং তজুমদ্দিন উপজেলার গৃহহীন ও ছিন্নমূল জনগণের জন্য নির্মিত ৪২টি ব্যারাক গতকাল বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিকনির্দেশনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনী এই ব্যারাক হাউজসমূহ নির্মাণ করে। প্রতিটি ব্যারাকে রয়েছে পাঁচটি ইউনিট। ইউনিটসমূহের প্রতিটিতে একটি করে পরিবার থাকতে পারবে। প্রতিটি ব্যারাকে রান্নাঘর ও বাথরুমের সুবিধা রয়েছে। এতে সর্বমোট ২১০টি গৃহহীন ও ছিন্নমূল পরিবার মানসম্মত আবাসস্থল পাবে। আনুষ্ঠানিকভাবে ব্যারাকসমূহ গতকাল স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, নৌবাহিনীর প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ নৌবাহিনী গত ১০ মে থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ব্যারাকসমূহ নির্মাণের কাজ শুরু করে। এ ছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নৌবাহিনী বিভিন্ন উপকূলীয় অঞ্চলে আরও ২৮৪টি পাকা ও টিনশেড ব্যারাক নির্মাণ করছে, যা শেষ হলে আরও ১ হাজার ৪২০টি ভূমিহীন পরিবারের বাসস্থান নিশ্চিত হবে।