ক্যাশবক্স নয় দোকান থেকে পেঁয়াজের বস্তা নিয়ে গেল চোর

টাকা নয় দোকান থেকে পেঁয়াজ চুরি করল চোর। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় এই ঘটনা ঘটে।

শুক্রবার এনডিটিভি জানায়, ভারতে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ রুপি হতেই নাভিশ্বাস উঠেছে দেশটির মানুষের। এমন পরিস্থিতিতে ক্যাশবক্স অক্ষত রেখে পেঁয়াজ চুরির এই ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার সকালে সুতাহাতা এলাকার বাসিন্দা অক্ষয় দাস দোকান খুলেই দেখেন, ভেতরের জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে আছে। দোকান চুরি হয়েছে মনে করে ক্যাশবক্স ঘেঁটে দেখেন, সেখানে কোনো টাকা খোয়া যায়নি।

তিনি বলেন, ক্যাশবক্স থেকে একটি টাকাও চুরি করেনি চোর।  

পরবর্তীতে লক্ষ্য করেন, দোকান থেকে পেঁয়াজের কয়েকটি বস্তা উধাও। কোনো ছিঁচকে চোর রাতে দোকানে ঢুকে টাকা না নিয়ে পেঁয়াজ চুরি করেছে।

অক্ষয় দাস জানান, দোকান থেকে অন্তত ৫০ হাজার রুপির পেঁয়াজ চুরি করেছে চোর। পেঁয়াজের পাশাপাশি রসুন ও আধাও রয়েছে।