আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিবেদন দাখিলে পেশার প্রতি সম্মান বজায় রেখে সঠিক প্রতিবেদন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রতি শুক্রবার তিনি এ আহ্বান জানান।
প্রসঙ্গত, খালেদা জিয়ার জামিন শুনানি মুলতবি করে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তার শারীরিক অবস্থার প্রতিবেদন চেয়েছে আপিল বিভাগ। প্রতিবেদন চেয়ে ওই দিন তার পরবর্তী জামিন শুনানি ধার্য করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় ড. মোশাররফ বলেন, খালেদা জিয়াকে মামলার কারণে নয়, গণতন্ত্র রক্ষার আন্দোলনের কারণেই কারাগারে যেতে হয়েছে।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক রিপোর্ট আপিল বিভাগে দিতে বিএসএমএমইউ’র মেডিকেল বোর্ডের আহ্বান জানান তিনি।
এ সময় হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ এ সদস্য বলেন, আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনকে মুক্তি না দিলে সরকার পতনের একদফা আন্দোলন হবে।
এছাড়া দুর্নীতির সুযোগ করে দিতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।