কেন এভাবে দাড়ি-গোঁফ রাখলেন ক্যালিস?

দাড়ি-গোঁফ অর্ধেক শেভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে ভাইরাল দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাকস ক্যালিস। কেন এমন তাক লাগানো ছবি পোস্ট করলেন জানা গেল সে কারণও।

ক্যালিসের এমনতর দাড়ি কাটার পেছনে রয়েছে বিশেষ এক কারণ। এক সময়ের তারকা এই অলরাউন্ডারের একটি ক্যাম্পেনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিপন্ন গন্ডার রক্ষায় ক্যালিসের সেই ক্যাম্পেনের নাম ‘সেভ দ্য রাইনো চ্যালেঞ্জ’।

দক্ষিণ আফ্রিকাতেই সম্প্রতি এই ক্যাম্পেন শুরু করেছেন ক্যালিস। বিশ্বব্যাপী গণ্ডার বাঁচাতে ক্যালিসের এই উদ্যোগ। দাড়ি-গোঁফ অর্ধেক শেভ করা বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যালিস জানিয়েছেন, এটা করে ‘সেভ দ্য রাইনো’ চ্যালেঞ্জের জন্য অর্থ তোলায় বেশ সাড়া পেয়েছেন তিনি।

তবে গণ্ডারের শৃঙ্গ পাচার থেকে শুরু করে প্রাণীর উপর নির্মম অত্যাচার থেকে বাঁচাতে ক্যাম্পেন করছেন বহু তারকা। তালিকায় রয়েছেন এক ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মাও। রোহিতের ক্যাম্পেনের নাম 'রোহিত ফর রাইনোজ'। এছাড়াও এই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসনও।