বিএনপিকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি কাদেরের

আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর চাপ দিতেই বিএনপি আদালত প্রাঙ্গণে সহিংসতা করেছে। তারা গাড়ি ভেঙেছে। পুলিশের ওপর হামলা করেছে।’

বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটাতে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এ সময় চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ভূমি দখলকারীদের বর্জনের ডাক দিয়ে নেতাকর্মীদের তিনি বলেন, দলের সহযোগী সংগঠনের নতুন নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে সংগঠন থেকে বাদ দেওয়া হবে।

এছাড়া প্রকৃত মৎস্যজীবীরা এই সংগঠনে না আসলে সংগঠন টিকবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।