পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি আমরা পালন করব: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৪ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। আগামী মার্চ মাসে এ টিকাদান কর্মসূচির ব্যবস্থা করা হচ্ছে; যা হবে পৃথিবীর সবচেয়ে বড় টিকা কর্মসূচি।

তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে ভূষিত করায় এবং এতে স্বাস্থ্যমন্ত্রীর অবদানের জন্য তাকে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশুমৃত্যুর হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্য খাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লাখ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। সারা দেশে হেলথ অ্যাসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্য খাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। এ ছাড়া আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলার হেলথ অ্যাসিসট্যান্টসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।