ইমরান খানকে কেন ডাকা হচ্ছে আইনস্টাইন খান নামে!

প্রধানমন্ত্রী ইমরান খানের নাম বদলে আইনস্টান খান করার দাবি তুলছেন নেটিজেনরা। এর জন্য অবশ্য ইমরান খানেরও একটা ভূমিকা আছে। তিনি বলেছেন, গাছ রাতে অক্সিজেন দেয়। 

আর এ নিয়ে শিকার হচ্ছেন ট্রলের। 

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত বুধবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিও।

সেই ভিডিও আপলোড করে তিনি লিখেছেন, ‘রাতে অক্সিজেন তৈরি করে গাছ: আইনস্টাইন খান’।

১৫ সেকেন্ডের সেই ভিডিয়োতে ইমরান খানকে বলতে শোনা যাচ্ছে, ‘গত ১০ বছরে প্রায় ৭০ শতাংশ জঙ্গল কেটে ফেলা হয়েছে। এর প্রভাবের মুখোমুখি আমাদের হতে হবে। কারণ, বাতাসকে পরিশুদ্ধ করে গাছ। রাতের বেলা অক্সিজেন তৈরি করে গাছ। কার্বন ডাই অক্সাইডও শোষণ করে।’

ইমারান খানের এ বক্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যঙ্গাত্মক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিজ্ঞান বিষয়ে পাক প্রধানমন্ত্রীর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার ইমরানকে স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। 

এক দল নেটিজেন, ইমরানকে নোবেল দেওয়ারও দাবি তুলেছেন।

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন তৈরি করে গাছ। তবে এই প্রক্রিয়া ঘটে দিনের বেলায়, সূর্যালোকে। রাতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া হয় না। 

সূত্র: আনন্দবাজার।