ক্ষমা চাইল ফেইসবুক

বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে শুরু হয় বিপুল উত্তেজনা। কারণ ওই সময়ে ঠিকমতো কাজ করছিল না ফেইসবুক। শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বজুড়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কোনোকিছু পোস্ট করা ও শেয়ার করা যাচ্ছে না বলে অভিযোগ করেন ফেইসবুক ব্যবহারকারীরা।

জানা গেছে, শুধু ফেইসবুকই নয়, গত বৃহস্পতিবার ইন্সটাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারেও বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যার ২৪ ঘণ্টা পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। তারা বিশ্বব্যাপী এর ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে।

বিবৃতিতে ফেইসবুক বলে, কারিগরি ত্রুটির কারণে গত বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফেইসবুকের সেবায় বিঘ্ন ঘটে। এখন তা ঠিক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এ অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং প্রত্যেকের ধৈর্যের প্রশংসা করি।

ঠিক কী কারণে গত দুদিন সেবায় বিঘ্ন ঘটেছিল তাও ব্যাখ্যা করেছে ফেইসবুক কর্তৃপক্ষ। তারা জানায়, মূলত সার্ভার কনফিগারেশনে পরিবর্তনের কারণে এ সমস্যার সৃষ্টি হয়। ইতিমধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। তবু কোনো কোনো অঞ্চলে ত্রুটি দেখা যেতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ নতুন কনফিগারেশনে পুরো সিস্টেম ধীরে ধীরে স্বাভাবিক হবে।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে ভিন্ন কথা। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ছিল থ্যাংকস গিভিং ডে। যুক্তরাষ্ট্রে দিনটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়ে থাকে। এছাড়া কানাডা, লাতিন আমেরিকাসহ ইউরোপের অনেক দেশ দিনটি ঘটা করেই পালন করে। এ উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার ফেইসবুকে লাখো-কোটি ব্যবহারকারী শুভেচ্ছাবার্তা আদান-প্রদান করেছে। ইমোজি, স্টিকারে ভাসিয়েছে টাইমলাইন। আর এত লোড নিতে না পেরে সার্ভার ডাউন হয়ে ফেইসবুক একপ্রকার অচল হয়ে পড়ে।

সেই প্রভাব এসে পড়ে বাংলাদেশসহ এশিয়ার অনেক দেশেও। বাংলাদেশে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ফেইসবুক ব্যবহার করতে না পেরে অভিযোগ জানিয়েছে অনেক ব্যবহারকারী। তারা অভিযোগ করে, রাত ৮টার পর থেকে ফেইসবুকে নিউজফিড পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। মেসেঞ্জার কাজ করলেও বার্তা আদান-প্রদানে সমস্যা হচ্ছে। অনেক ব্যবহারকারী সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিয়েও ফেইসবুকে প্রবেশ করতে পারছে না বলেও অভিযোগ করেছে। শুধু তাই নয়, সমস্যা হচ্ছে যেকোনো ধরনের পোস্ট করতেও।

ফেইসবুক ব্যবহারকারীরা আরও দাবি করে, লগইন করার সময়ে সঠিক ইউজার ও পাসওয়ার্ড দিলেও ফেইসবুকে প্রবেশ করা যাচ্ছে না। ওয়েবসাইট ডাউন ডিটেক্টর সূত্রে জানা যায়, রাত ৮টার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশেই শুরু হয় এ সমস্যা। ইন্সটাগ্রামেও ছবি পোস্ট করা যায়নি নির্বিঘ্নে। ফেইসবুক-মেসেঞ্জার ব্যবহারকারীরাও ঠিকমতো ইনবক্স করতে পারেনি। তবে গতকাল শুক্রবার থেকে ফেইসবুক, ইন্সটাগ্রামের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে।