নির্বাচনী প্রচার নিয়ে সমালোচিত কনজারভেটিভ পার্টি

আগাম নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো প্রচার নিয়ে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। বিবিসির একটি ভিডিও কনটেন্ট খণ্ডিত উপস্থাপনের মধ্য দিয়ে ফেইসবুকে প্রচার চালানোর অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে।

বিবিসির দাবি, কনজারভেটিভ পার্টি তাদের প্রচারের স্বার্থে নিজেদের মতো করে বিবিসির কনটেন্ট সম্পাদনা করেছে। এ ছাড়া টুইটারে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেও ব্রিটিশদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে।

আগামী ১২ ডিসেম্বরের সাধারণ নির্বাচন ঘিরে ইতিমধ্যে শেষ হয়েছে ভোটার নিবন্ধন। চলমান নির্বাচনী প্রচার ও বিতর্কে ইসলামবিদ্বেষ ও ইহুদিবিদ্বেষের অভিযোগ উঠেছে কনজারভেটিভ ও লেবার পার্টির মতো বড় দলগুলোর বিরুদ্ধে।

বিজ্ঞাপন হিসেবে প্রচারিত ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে বিবিসির রাজনীতি বিশেস্নষক লরা কুজেনবার্গ, উপস্থাপক হু এডওয়ার্ড ও প্রতিবেদক জোনাথান বেস্নককে ব্রেক্সিট নিয়ে কথা বলতে দেখা গেছে। এতে দেখা যায়, বিবিসির উপস্থাপক ও প্রতিবেদকরা ব্রেক্সিট বিলম্বকে ‘ভিত্তিহীন’ বলছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিবিসি জানায়, ফেইসবুকে প্রচারিত কনজারভেটিভ পার্টির ওই খণ্ডিত ভিডিও এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ দেখেছেন।

তবে কনজারভেটিভ পার্টির দাবি, ভিডিও এমনভাবে সম্পাদনা করা হয়েছে যেন তার বার্তা বদলে না যায়।