ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের অগ্রগতি দেখতে ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাশ শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর আওতাধীন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো পরিদর্শন করেন। তিনি প্রায় ১ঘন্টা সময় অতিবাহিত করেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এই তিন ডিপো ইনচার্জ আযম খান ও পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান। তার পরিদর্শনের সময় বিপিসির পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে কোন সংবাদকর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল আমদানি করার জন্য ১৩০ কিলোমিটার ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন এর নির্মাণ কাজের যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা যায়, ৫২০ কোটি টাকা ব্যয়ে ১৩০ কিলোমিটার পাইপলাইন ও ফ্লোমিটার স্থাপন, ডেসপাস টার্মিনাল, সেকশনের বাল্ব স্টেশন, পাম্পিং স্টেশন, রিসিভ টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো, কারিগরি ও পূর্তকাজ সম্পাদন, স্কাডা ও টেলিকমিউনিকেশন সিস্টেম স্থাপন কাজ রয়েছে এর মধ্যে। প্রকল্পটির পরামর্শক প্রতিষ্ঠান হচ্ছে ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভারত। এর বাস্তবায়ন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ৩০ মাস।
১৩০ কিলোমিটার দৈর্ঘ্য পাইপলাইন এর মধ্যে ভারতের অংশে ০৫ কিলোমিটার ও বাংলাদেশ অংশে ১২৫ কিলোমিটার। পাইপলাইনের ব্যাস থাকবে ১০ ইঞ্চি। এ পাইপলাইনের মাধ্যমে বার্ষিক ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।
বর্তমানে আমদানি করা তেল চট্রগ্রাম বন্দরে জাহাজ হতে খালাসের পর চট্রগ্রাম ডিপোতে সঞ্চয় করে রাখা হয়। পরে কোস্টাল ট্যাংকের মাধ্যমে খুলনার দৌলতপুর ডিপোতে নেওয়া হয়। সেখানে আনলোডের পর আবার রেলের ওয়াগনে আপলোড করে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে আনা হয়। এ প্রক্রিয়ায় চট্রগ্রাম থেকে পার্বতীপুর ডিপোতে জ্বালানি সরবরাহে সময় লাগে প্রায় ৭ দিন।
অন্যদিকে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে জ্বালানি তেল সরবরাহ পেতে সময় লাগবে মাত্র কয়েক ঘণ্টা।
এদিকে, বিপিসির একটি সূত্রে জানা গেছে, ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ভারতীয় অংশের নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশ অংশের ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে পাইপলাইন স্থাপনের কাজ এখনও শুরু হয়নি।