উইন্ডিজের অর্জন আত্মবিশ্বাস

লক্ষ্নৌ টেস্ট তৃতীয় দিনে মাত্র ঘণ্টাখানেক মাঠে গড়াল। আফগানিস্তানকে দ্রুত অলআউট করে মামুলি টার্গেট নিমিষেই টপকে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাই দুই দলের প্রথম টেস্টে ৯ উইকেটের বিশাল জয় পেল ক্যারিবিয়ানরা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে নাস্তানাবুদ হওয়া দলটির জন্য এ জয় আশা জাগানিয়া। আত্মবিশ্বাসী জয়কে পুঁজি করে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার স্বপ্ন দেখছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ৯ দলের লড়াইয়ে অন্তত চারে থাকতে চান, নয়ত পাঁচে।

ম্যাচ দ্বিতীয় দিনেই হেরে বসেছিল আফগানরা। প্রথম ইনিংসে উইন্ডিজের ৯০ রানের লিডের বিপরীতে নেমে ১০৯ রানেই ৭ উইকেট হারায় তারা। তৃতীয় দিন মাত্র ১১ রানেই গুটিয়ে যায় আফগানদের দ্বিতীয় ইনিংস। বাকি থাকা তিন উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার। এতে মাত্র ৩১ রানের লক্ষ্য দাঁড়ায় উইন্ডিজের সামনে। ১ উইকেট হারিয়ে ৩৩ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। নিশ্চিতভাবেই ম্যাচসেরা প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট (ম্যাচে প্রথমবারের মতো ১০) নেওয়া বিশাল শরীরের স্পিনার রাহকিম কর্নওয়াল।

লক্ষেèৗয়ের কঠিন স্পিন পিচে ব্যাটে-বলে এমন সাফল্য দেখানোয় ভবিষ্যতে ভালো করার ব্যাপারে আশাবাদী হোল্ডার। কঠিন পরিস্থিতিতে এমন চ্যালেঞ্জ জয় নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষণ বললেন তিনি। ম্যাচ শেষে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের স্বপ্ন জানান এভাবে, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ অবধি তালিকার চারে নয়ত পাঁচে থাকার ব্যাপারে আমি আশাবাদী। এটা আমাদের জন্য অসম্ভব বলে মনে হচ্ছে না। সামনে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন কিছু সিরিজ আছে। এই টেস্টে যেভাবে আমরা লড়েছি আশা করি এই মানসিকতা আমাদের আরও শক্ত হতে সাহায্য করবে। আমাদের এই চ্যালেঞ্জ নেওয়া ও জেতার ধারাবাহিকতা রাখতে হবে। এটা হলে দুই বছরের লড়াইয়ে আমরা অবশ্যই ভালো অবস্থানে যেতে পারব।’

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১ম ইনিংস ১৮৭ ও ২য় ইনিংস ১২০ (আহমাদি ৬২; চেজ ৩/১০, হোল্ডার ৩/২০, কর্নওয়াল ৩/৪৬)। ওয়েস্ট ইন্ডিজ : ১ম ইনিংস ২৭৭ ও ২য় ইনিংস ৩৩/১ (ক্যাম্পবেল ১৯*; হামজা ১/৫)। ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।