‘ইন্দুবালা’ গানের সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নেই: ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু অভিনীত ‘ইন্দুবালা’ সিনেমাটি মুক্তি পেয়েছে শুক্রবার। এর আগে বাবুর গাওয়া ‘ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। অনেকেরই ধারণা সেই গানটির ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘ইন্দুবালা’ সিনেমাটি।

অভিনেতা ফজলুর রহমান বাবু বলেন, ‘আমার গাওয়া ইন্দুবালা গানটির সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আমার কণ্ঠে ‘ইন্দুবালা’ গানটি জনপ্রিয় হয়েছে। সিনেমার নাম যেহেতু ‘ইন্দুবালা’, অনেকেই মনে করেছেন গান থেকেই হয়তো সিনেমাটি তৈরি হয়েছে। শুধু নামের মিল ছাড়া গানের সঙ্গে সিনেমার কোনো সম্পর্ক নাই। সম্পূর্ণ আলাদা একটি গল্প নিয়ে এই সিনেমাটি লিখেছেন মাসুম আজিজ। আমাকে এই সিনেমায় অভিনয় করতে প্রস্তাব দিয়েছেন, অভিনয় করেছি।’

জয়পুরহাটের বিভিন্ন জায়গায় সিনেমাটির শুটিং হয়েছে ‘ইন্দুবালা’ চলচ্চিত্রের। এই অভিনেতা এখন ব্যস্ত আছেন সিনেমা নিয়ে। সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ^ সুন্দরী’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এ ছাড়া গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ সিনেমার কাজও শেষ হয়েছে। বাবু বলেন, এখন সিনেমায় একটু বেশি সময় দেয়া হচ্ছে। কয়েকটি সিনেমার কাজ শেষ করেছি। সামনে আরও একাধিক সিনেমার কাজ শুরু হবে।’