স্পেনে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে সিলেটের ২ তরুণ নিহত

দালালের মাধ্যমে মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে সিলেটের দুই তরুণ নিহত হয়েছেন। তারা হলেন সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার পুরানগাঁওয়ের বশির উদ্দিনের ছেলে রেদওয়ান আহমদ শাহীন (১৯) ও বিশ্বনাথ উপজেলার পেছিখুরমা গ্রামের আশিক মিয়ার ছেলে আবু আশরাফ (১৮)। শুক্রবার পরিবারিক সূত্র তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আশরাফের বড় ভাই আবুল খায়ের দেশ রূপান্তরকে বলেন, ‘রাজধানীর আলী আহমদ নামের এক দালালের সঙ্গে ১৫ লাখ টাকায় স্পেন যাওয়ার চুক্তি করে প্রায় ১৪ মাস আগে দেশ ছাড়েন আশরাফ। প্রথমে তাকে আলজেরিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ২০ দিন আগে আশরাফ মরক্কো যায়। মরক্কো থেকে গত সোমবার সাগর পথে স্পেনের উদ্দেশে আশরাফসহ ৭৮ যুবক নৌকায় রওনা হয়। আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে ভয়েস মেসেজ পাঠিয়ে পরিবারকে বিষয়টি জানায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। বুধবার দক্ষিণ আফ্রিকায় থাকা এক খালাতো ভাই ফোন করে জানান, আশরাফকে বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ডুবে গেছে। বৃহস্পতিবার স্পেনে বসবাসকারী আত্মীয় আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওর লাশ স্পেনের ম্যানিলা শহরের একটি হাসপাতালে রয়েছে।’  

এদিকে নিহত শাহীনের বাবা বশির জানান, তার ছেলে দালালের মাধ্যমে স্পেন যাওয়ার জন্য প্রায় এক বছর আগে দেশ ছেড়েছিলেন। আলজেরিয়া-মরক্কো ঘুরে নৌকায় চড়ে অন্যদের সঙ্গে শাহীনও স্পেনের উদ্দেশে যাত্রা করেছিলেন। নৌকাডুবিতে শাহীনের মৃত্যুর বিষয়টি স্পেন থেকে তাদের এক আত্মীয় নিশ্চিত করেছেন। ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতার পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান বশির।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৬ মাসে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে সিলেট অঞ্চলের ২২ তরুণ নিহত হয়েছেন।