ঢাবিতে মগডালে আটকে পড়া বিড়াল উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

জরুরি জাতীয় সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি গাছের মগডালে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার রাত পৌনে বারোটার দিকে ঢাবির চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের সামনের একটি মেহগনি গাছের মগডাল থেকে বিড়ালটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিড়ালটি গাছের মগডালে দীর্ঘসময় আটকে ছিল। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে উদ্ধারকর্মীরা এসে উদ্ধার করেন বিড়ালটিকে।

চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের ছাত্র ও মহসিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী জানান, আমরা এত দিন বিদেশি সংবাদে দেখেছি বিড়াল, কুকুর উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে। কিন্তু আজ নিজেই ঘটনার সাক্ষী হলাম।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইন্সপেক্টর মাজহার ইসলাম জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আমরা আড়াই মিনিটের অভিযানে বিড়ালটিকে উদ্ধার করি। মানবিক বোধ থেকেই আমরা এ ধরনের উদ্ধারকাজ পরিচালনা করি। এমন উদ্ধারকাজে ভবিষ্যতেও ফায়ার সার্ভিস পাশে থাকবে।