বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড

এখনো স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়া মুক্তিযোদ্ধাদের হাতে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সেটি তুলে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

একই দিনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, ওসিদেরও স্মার্টকার্ড দিতে চায় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

এজন্য সংশ্লিষ্টদের তথ্য চেয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে গত বুধবার ইসির পরিচালক (সাধারণ সেবা, হিসাব ও বাজেট) খোরশেদ আলম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। চিঠিতে মুক্তিযোদ্ধা এবং ওই কর্মকর্তাদের তথ্য ২ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।