তিন বিভাগে পেট্রোল পাম্প মালিক-শ্রমিকদের কর্মবিরতি

পনেরো দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পেট্রোল পাম্প মালিক-শ্রমিকরা।

এসময় পাম্প থেকে জ্বালানি তেল উত্তোলন, বিতরণ ও পরিবহন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নেওয়ায় পূর্বঘোষিত এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এমএ মোমিন দুলাল।

জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন শতকরা সাড়ে ৭ ভাগ বৃদ্ধি, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি  উৎপাদনকারী প্রতিষ্ঠান তা সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের ৫ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে গত মঙ্গলবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

ওইদিন এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন এই ঘোষণা দেন।