বন্ধুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপনে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

বন্ধুদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করতে গিয়েছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুরের এক কিশোরী। ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় সে।

এনডিটিভি জানায়, গত মঙ্গলবারের এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, একাদশ শ্রেণির ওই ছাত্রী ওই দিন বন্ধুদের সঙ্গে একটি পার্কে গিয়েছিল। উদ্দেশ্য জন্মদিন উদ্‌যাপন। রাত ৯টার সময় বাড়ি ফেরার পথে ছয় ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।

অভিযুক্তরা ওই কিশোরীর বন্ধুদের মারধর করে তাকে তুলে নিয়ে যায় একটি স্থানে। সেখানে নিয়ে ছয়জন মিলে তাকে ধর্ষণ করে। দুর্বৃত্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে বলেও জানায় পুলিশ।

পরদিন মেয়েটি ঘটনাটি তার মাকে জানায়। এরপর তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।

পুলিশ এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।

বুধবার রাতে হায়দরাবাদে পশুচিকিৎসক ২৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভের মধ্যেই এ ঘটনা প্রকাশ্যে আসলো।