জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তাকে ১২টি কেমো দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা।
২৬ নভেম্বর থেকে অ্যান্ড্রু কিশোরের কেমোথেরাপির চতুর্থ সাইকেল শুরু হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে প্রচুর টাকা খরচ হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যান্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
এবার অ্যান্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি অ্যান্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য ২ লাখ টাকা প্রদান করেছেন। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন অনন্ত জলিলের মিডিয়া ম্যানেজার আরাবী।
অনন্ত জলিলের পক্ষে তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি জানানো হয়, ‘অনন্ত ও বর্ষা ২ লক্ষ টাকা অ্যান্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিলেন। অ্যান্ড্রু কিশোরের ছোট ভাই আজ টাকাটি গ্রহণ করেন।’
এদিকে অ্যান্ড্রু কিশোরের সার্বিক অবস্থা নিয়ে কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস জানিয়েছেন, ‘১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৮ সেপ্টেম্বর অ্যান্ড্রুদার বায়োপসি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে তার শরীরে ক্যানসারের অস্তিত্ব মেলে। অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘ সময় এই চিকিৎসার তেমন কোনো পূর্ব প্রস্তুতি না নিয়ে গেলেও ডাক্তারদের পরামর্শে দ্রুত তার চিকিৎসা শুরু হয়। এ পর্যন্ত তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। ২৬ নভেম্বর থেকে অ্যান্ড্রু কিশোরের কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয় এবং তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে বলে সেখানকার ডাক্তার জানিয়েছেন। এই চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিন মাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন।’
উল্লেখ্য, ক্যানসার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান অ্যান্ড্রু কিশোর। সেখানে বায়োপসি রিপোর্টে তার ক্যানসার ধরা পড়ে।