চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সিবি জামানের ছেলে সিএফ জামান।
সিএফ জামান বলেন, ‘আল্লাহর রহমতে আব্বু এখন অনেকটাই সুস্থ। গত সপ্তাহে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে বাসায় নিয়ে যাই। আজকে থেকে তিনি আবার এফডিসিতে আড্ডা দিতে যাওয়াও শুরু করে দিলেন!’
উল্লেখ্য পান্থপথে এক আত্মীয়ের বাসায় গত ১৯ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে শমরিতা হাসপাতালে নেওয়া হয় এই নির্মাতাকে। পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করা হয়। গত সপ্তাহে পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তিনি। ডাক্তাররা জানিয়েছিলেন ওনার উচ্চ রক্তচাপ ও লো সুগার থাকার কারণে স্ট্রোক সেন্টারে ভর্তি করা হয়েছিল। পাশাপাশি বার্ধক্যজনিত কিছু সমস্যা ছাড়াও কিডনিতেও সমস্যা ছিল।
১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সি বি জামান চলচ্চিত্র পরিচালনায় যুক্ত ছিলেন। উপহার দেন ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার ও কুসুম কলির মতো জনপ্রিয় চলচ্চিত্র। সম্প্রতি ‘অ্যাডভোকেট সুরাজ’ নামের একটি ছবির ঘোষণা দেন তিনি।