ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক অভিবাসন চলচ্চিত্র উৎসব [জিএমএফএফ]। দিনব্যাপী এই উৎসবে ১৫টি চলচ্চিত্র দেখানো হবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র উৎসব।

চলচ্চিত্র উৎসবে অভিবাসন বিষয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্যা সম্ভাবনা তুলে ধরা হবে। ইউরোপীয় ইউনিয়নের [ইইউ] সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদকে সঙ্গে নিয়ে আইওএম বাংলাদেশ এই উৎসবটির আয়োজন করছে। এ বছর বিশ্বের নানা প্রান্ত থেকে পেশাদার বা উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের ৬০০টিরও বেশি চলচ্চিত্র এ উৎসবে জমা পড়েছে।

এর মধ্য থেকে একটি স্বনামধন্য বিচারক পর্ষদ ৩০টি চলচ্চিত্র নির্বাচন করেছেন, যা পৃথিবীর ১০০টি দেশে প্রদর্শিত হচ্ছে। ঢাকার উৎসবে দেখানো হচ্ছে ১৫টি চলচ্চিত্র। সকাল ৯টায় উৎসবটি শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়। এর মধ্যে সকাল ১০টায় এবং বিকেল ৫ টায় 'চলচিত্র ও অভিবাসন' নিয়ে দু'টি আলোচনা পর্ব থাকছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

অভিবাসীদের নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো দর্শকের মনে গভীর সহানুভূতি জাগিয়ে তুলবে। একই সঙ্গে অভিবাসীদের বাস্তবতা, প্রয়োজন, দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপন বুঝতে সাহায্য করবে এই চলচ্চিত্র উৎসব। এমনটিই জানিয়েছেন আয়োজকেরা।