আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, জঙ্গি কর্মকা- করে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু জনগণ নৈরাজ্য সৃষ্টিকারীদের বদলে উন্নয়নের রূপকার শেখ হাসিনার সরকারকে বিজয়ী করেছে। গতকাল রবিবার দুপুরে ঢাকা থেকে কিশোরগঞ্জ যাওয়ার পথে নরসিংদীর শিবপুর উপজেলার কলেজ গেটে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ক্ষুধামুক্ত করতে এ দেশের কৃষককেও লাভজনক কৃষির সঙ্গে জড়িত করবেন। এই সরকারের নেতৃত্বে পূর্বাচলে কৃষিমান নিয়ন্ত্রণ গবেষণাগার ও সারা দেশে সবজির জন্য বিখ্যাত শিবপুরে একটি হিমাগার স্থাপন করা হবে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, সাবেক সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, ছাত্রলীগের সাবেক সভাপতি অজয় কর খোকন প্রমুখ।