বিশ্ববিদ্যালয়ের বাসে শিশু ধর্ষণের চেষ্টা, হেলপার আটক

ত্রিশালে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাসের (ভাড়ায় চালিত) হেলপারকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসের হেলপার মো. মুজিবুর (৪০) সাত বছরের এক শিশুকে ধর্ষণের উদ্দেশ্য ফাঁকা বাসে নিয়ে যায়। পরবর্তীতে এক শিক্ষার্থী সেখানে উপস্থিত হলে তিনি ফাঁকা বাসে শিশুটিকে নিয়ে মুজিবুরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে তাকে প্রাথমিকভাবে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত মজিবুর ত্রিশাল থানার দরিরামপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় মুজিবুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটির বাবার সাথে আলোচনা করে শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। তার পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।

শিশু নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।