ওয়াসাকে পানি না দিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

বুস্টার পাইপের মাধ্যমে খুলনা ওয়াসাকে পানি না দেওয়া এবং নেওয়ার চেষ্টা প্রতিহত করতে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে ফুলতলা উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটি। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ (সোমবার) বিকেল ৪টায় ফুলতলা আসাদ রফি গ্রন্থাগারে গণজমায়েত, পরদিন জামিরা বাজারে হাটসভা, ৬ ডিসেম্বর বিকেলে পথের বাজারে পথসভা, ১২ ডিসেম্বর বেজেরডাঙ্গা শহীদ মিনারে পথসভা, ১৩ ডিসেম্বর মশিয়ালীতে গণসংযোগ এবং ২০ ডিসেম্বর ফুলতলা স্বাধীনতা চত্বরে সমাবেশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক আনসার আলী মোল্লা বলেন, ‘প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে ২০০৫ সালে খুলনার নগরবাসীকে সুপেয় পানি সরবরাহের নামে ফুলতলার ভূগর্ভস্থ পানি উত্তোলনে একটি প্রকল্প গ্রহণ করা হয়। যা ছিল ১৯৮৩ সালের পানি উত্তোলন আইনের পরিপন্থী। এ সিদ্ধান্তের প্রতিবাদে ফুলতলাবাসী রাজপথ অবরোধসহ হরতালের মতো কর্মসূচি পালন করেন। পরে হাইকোর্টের রিটের মাধ্যমে কাজের ওপর স্থগিতাদেশ দিলে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে ফের ভূগর্ভস্থ পানি উত্তোলনের জন্য পাঁয়তারা চালাচ্ছে খুলনা ওয়াসা।’