মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজেগুলো এমপিওভুক্তির দাবিতে গোলটেবিল বৈঠক করেছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এ গোলটেবিল বৈঠক করেন তারা।
বৈঠকে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে ৭১টি বেসরকারি টিটি কলেজ বিএড প্রশিক্ষণ দিয়ে আসছে। এসব কলেজ থেকে প্রতি বছর প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে বিদ্যালয়ে পাঠদান করছে। মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের কোনো বিকল্প নেই। তাই আমরা মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর এমপিওভুক্তির জোর দাবি জানাই।’
এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রশিক্ষকরা বছরের পর বছর নামমাত্র বেতন কিংবা বিনা বেতনে প্রশিক্ষণ দিয়ে আসছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকরা দেশ-বিদেশের ট্রেনিং থেকেও বঞ্চিত হয়েছেন। শিক্ষকরাই যদি পেশাগত দক্ষতা উন্নয়নের ট্রেনিং না পান তবে তারা উন্নত প্রশিক্ষক হবেন কীভাবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ফাতেমা খাতুন, অধ্যাপক মো. রমজান আলী, অধ্যক্ষ আবদুস সামাদ প্রমুখ।