অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে দারুণ বীরত্ব দেখালেন ইয়াসির শাহ। আট নম্বরে নেমে এই লেগ স্পিনার তুলে নেন সেঞ্চুরি। এরপরও অবশ্য ফলোঅন এড়াতে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পড়েছে চাপে। সব মিলে দিবারাত্রির ম্যাচটিতে ইনিংস পরাজয় এড়াতে লড়ছে আজহার আলির দল।
রবিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৯ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। শান মাসুদ ১৪ ও আসাদ শফিক ৮ রানে অপরাজিত আছেন। এখনো অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৪৮ রানে পিছিয়ে সফরকারীরা।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩০২ রানে। ডেভিড ওয়ার্নারের অপরাজিত ট্রিপল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল।
আগের দিনের ৬ উইকেটে ৯৬ রানে এদিন নতুন দিনের খেলা শুরু করে পাকিস্তান। মনে হচ্ছিল দ্রুতেই গুটিয়ে যাবে তারা। কিন্তু ববর আজম ও ইয়াসির বীরত্বে সেটি হয়নি। বাবর ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। মিচেল স্টার্কের শিকার হওয়ার আগে করেন ৯৭ রান।
তবে ইয়াসির দেখিয়েছেন বীরত্ব। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেন ১১৩ রানের ইনিংস। অথচ যে কোনো সংস্করণের ক্রিকেটে এর আগে ইয়াসিরের ফিফটিও ছিল না। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি।
আর ২০০৬ সালের পর আটে নেমে এই প্রথম সেঞ্চুরি পেলেন কোনো পাকিস্তানি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে এমন কৃতিত্ব এটিই প্রথম। কামিন্সের শিকার হওয়ার আগে ২১৩ বলে ১৩ চারে নিজের ইনিংসটি সাজান ইয়াসির।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক নিয়েছেন সর্বাধিক ৬ উইকেট। এ ছাড়া ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স।