ফিলিস্তিনের হেবরনে বসতিস্থাপন দ্বিগুণ করছে ইসরায়েল

ফিলিস্তিনে হেবরন শহরে অবৈধ বসতি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পশ্চিম তীরে ইহুদি বসতি আন্তর্জাতিক আইনের সঙ্গে অসংগতিপূর্ণ নয় বলে মার্কিন ঘোষণায় এমন সিদ্ধান্ত নিলে দেশটি।

রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইসরায়েলের নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী নাফতালি বেনেত রবিবার ঘোষণা করেন, পশ্চিম তীরের শহরটিতে একটি পাইকারি বাজার উচ্ছেদ করে ইহুদিদের জন্য নতুন একটি বসতি গড়ে তোলা হবে।

এই মুহূর্তে হেবরনে ২০ হাজার ফিলিস্তিনি বসবাস করছে আর অবৈধভাবে বসতি গড়ে থাকছে এক হাজার ইহুদি। নতুন বসতির মাধ্যমে আরও এক হাজার ইহুদিকে সেখানে জায়গা করে দেয়া হবে।

জানা যায়, ১৯ শতকের শুরুর দিকে বর্তমান শুহাদা স্ট্রিটের বাজার এলাকাটি ইহুদি মালিকানাধীন ছিল। ১৯২৯ সালে এক প্রাণঘাতী দাঙ্গায় এলাকাটি থেকে আরব ইহুদিরা উচ্ছেদ হয়ে যায়।

পরবর্তীতে ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর জোরপূর্বক দখলে নিয়ে নেয় এবং হেবরনসহ অন্যান্য শহরে অবৈধ বসতিস্থাপন করে। 

১৯৯০ সাল পর্যন্ত হেবরনের শুহাদা স্ট্রিট ফিলিস্তিনের বড় ব্যবসাকেন্দ্র ছিল। ১৯৯৪ সালে নামাজ পড়াকালীন মুসল্লিদের ওপর গুলি চালিয়ে ২৯ ফিলিস্তিনিকে হত্যা করে মার্কিন-ইসরায়েলি চরমপন্থীরা।