রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় হাসান আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। রবিবার দুপুরে পশ্চিম নাখালপাড়ার বড় মসজিদ সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলো হাসান।

শিশুটির চাচা মো. শাহজাহান শাহ জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদি উপজেলার পিপুলিয়া গ্রামে। হাসানের বাবা রিপন মিয়া কামারের কাজ করেন। মা ছকিনা বেগম রেললাইনের পাশে পিঠা বিক্রি করেন। থাকেন বড় মসজিদ সংলগ্ন ২৭২/২ নম্বর বাসায়।

মা ছকিনা বেগম জানান, দুপুরে বাসায় ছিলেন তিনি। হাসানকে খাবার খাইয়ে জামাকাপড় পরিয়ে দেন তিনি। এরপর তিনি নিজের কাজ করছিলেন। এই ফাঁকে হাসান অন্য বাচ্চাদের সাথে হাঁটতে হাঁটতে রেললাইনে চলে যায়। কিছুক্ষণ পরে মানুষের চিৎকার চেঁচামেচি শুয়ে রেললাইনে গিয়ে দেখি হাসান রেললাইনের পাশে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়।

কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে বলে জানান সবাই। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, রেললাইনে খেলার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়লে চিকিৎসাধীন হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে। তার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।