হয়ে গেল জুন মালিয়ার বিয়ে

বিয়ে করলেন কলকাতার ছোট ও বড়পর্দার অভিনেত্রী জুন মালিয়া। দীর্ঘদিনের বন্ধু ব্যবসায়ী সৌরভ চট্টোপাধ্যায়কে বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে।

শনিবার বর-কনের পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাশাপাশি ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে আমন্ত্রণ জানান জুন।

সে দিন লাল পোশাকে দেখা যায় জুনের ছেলে-মেয়ে শিবাঙ্গিনী ও শিবেন্দ্রকে। দেব ও নীলের ডিজাইন করা লাল রঙা সালোয়ার ও মানানসই জুয়েলারিতে সেজেছিলেন জুন, সৌরভের পরনে দেখা গেল সাদা পোশাক।

জুনের প্রথম বিয়ে ভেঙেছে ১৪ বছর আগে। তবে কোনো দিনই বিয়ের ওপর আস্থা হারাননি। কিন্তু প্রথম কর্তব্য ছিল শিবাঙ্গিনী ও শিবেন্দ্রকে বড় করে তোলা। এখন ছেলে পাইলট, মেয়ে সহকারী পরিচালক হিসেবে কাজ করতে শুরু করেছে। তাই অনেকটাই দায়িত্বমুক্ত জুন।

জুন বরাবরই ব্যক্তিগত বিষয়কে লাইমলাইটের আড়ালে রেখেছেন। বিয়ের সিদ্ধান্ত নিয়ে বেশ আগেই সংবাদ প্রকাশ হয়। কিন্তু তিনি এ নিয়ে মন্তব্য থেকে বিরত ছিলেন। ‘ব্যক্তিগত’ উল্লেখ করে বারবার এড়িয়ে যান।

দার্জিলিঙে জন্ম জুনের। মুম্বাইয়ের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে পড়াশোনা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন।

১৯৯৬ সালে ‘লাঠি’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ার শুরু হয়। তারপর ‘নীল নির্জনে’, ‘পদক্ষেপ’, ‘বক্স নম্বর ১৩১৩’, ‘তিন ইয়ারি কথা’, ‘এবার শবর’, ‘জুলফিকর’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বহু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। সম্প্রতি ‘সোয়েটার’ ছবিতে তার অভিনয় দর্শকের মন জয় করেছিল। অরিন্দম শীলের ‘মিতিন মাসি’তে বিনয় পাঠকের বিপরীতে দেখা যায়।