ইরাকে নাজাফ শহরে ইরানি কনস্যুলেটে আবারও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। রবিবার বিক্ষোভকারীরা ইরানি কনস্যুলেটে আগুন ধরিয়ে দেয়।
আনাদলু জানায়, ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা আগুন নেভাতে এগিয়ে আসে। তবে কারা আগুন লাগিয়েছে সেটি শনাক্ত করতে হতে পারেনি তারা।
এ নিয়ে ইরাকে তিনবার হামলা ও অগ্নিকাণ্ডের শিকার হলো ইরানি কনস্যুলেট। দেশটিতে ইরানি হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।
গত সপ্তাহে নাজাফে ইরানি কনস্যুলেটে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় তেহরান। এই ঘটনায় ইরান তীব্র নিন্দা জানালে ইরাক সরকার বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করে।
বিক্ষোভকারীদের ওপর পুলিশ নির্বিচার গুলিতে বাগদাদ, নাজাফ ও নাসিরিয়ায় অন্তত ৪৫ জন নিহত হয়।
বিপুল হতাহতের মধ্য দিয়ে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পদত্যাগ করতে বাধ্য করতে হন দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।
দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে ১ অক্টোবর হাজার হাজার ইরাকি রাজধানী বাগদাদসহ অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে। প্রথম দফায় চলা বিক্ষোভে প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়। কয়েক দফা বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে যায়।