ধর্ষককে রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত, বললেন জয়া বচ্চন

হায়দরাবাদের এক নারী পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন বলিউড অভিনেত্রী ও রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, “সময় এসেছে, এবার ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।”

জয়া বলেন, “ধর্ষকদের প্রকাশ্যে ভর্ৎসনা করা উচিত। তাদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত।” একই সঙ্গে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরও বলেন, “ধর্ষণের ঘটনায় বিচার দিতে সরকার কী করছে তা জানাতে হবে। হায়দরাবাদের যে ঘটনায় শোরগোল পড়েছে তার আগের দিনও একই ধরনের ঘটনা ঘটেছে।”

সোমবার সংসদ ধর্ষণ নিয়ে তোলপাড় হয়। বিষয়টি প্রশ্নোত্তর পর্বে উত্থাপনের অনুমতি দেন স্পিকার। নারীদের বিরুদ্ধে অপরাধে আরও কড়া শাস্তির সুপারিশ করেন সাংসদরা।

জয়া বচ্চনের পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হন এআইএডিএমকে সাংসদ বিজিলা সাত্যনাথ। সংসদে দাঁড়িয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, “এই দেশে নারী ও শিশুরা নিরাপদ নয়। হায়দরাবাদে  যে ৪ জন ধর্ষণের সঙ্গে জড়িত তাদের ৩১ ডিসেম্বরের আগেই ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। বিচারে দেরি করলে বিচার পাওয়ার আশা থাকে না।”

এ ছাড়া ধর্ষণ ঠেকাতে সামাজিক উদ্যোগ নেওয়ার দাবি জানান কংগ্রেস সাংসদ অমি ইয়াগনিক।

বলিউড তারকাদের মধ্যে সালমান খান, অক্ষয় কুমার, রিচা চাড্ডা, ফারহান আখতারসহ অনেকেই এই ঘটনায় সরব হয়েছেন।

বৃহস্পতিবার তেলেঙ্গানার রাঙা রেড্ডি জেলায় ২৬ বছর বয়সী পশু চিকিত্‍সককে ধর্ষণ ও পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বছরগুলোতে ভারতের বিভিন্ন অঞ্চলে ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়ে গেছে।