পরীক্ষার হলে উত্তরপত্র না দেখানোয় সহপাঠীকে মারধর

পরীক্ষার হলে উত্তরপত্র না দেখানোয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন সহপাঠীরা। রবিবার এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে আহত শিক্ষার্থী নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে যান।

মারধরের ঘটনার একটি অডিও রেকর্ড দেশ রূপান্তরের হাতে  এসেছে।   

ভুক্তভোগী ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  ২০১৮-১৯ সেশনের  শিক্ষার্থী আসাদ দেশ রূপান্তরকে জানান, ওই দিন একটি কোর্সের গণিতের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সহপাঠী নাহিয়ান শরীফ খাতা দেখে লিখতে না পারায় আমার ওপর ক্ষিপ্ত হয়। পরীক্ষা শেষে একই বিভাগের নাহিয়ানসহ রফিক, ইমরান ও জীবন আমাকে বাসা থেকে ডেকে নিয়ে গালিগালাজ ও মারধর করে। আমি নিরাপত্তাহীনতায়  ভুগছি। বিষয়টি শিক্ষকদের জানিয়েছি।

আসাদ এ নিয়ে তাদের বিভাগীয় ফেইসবুক গ্রুপে একটি পোস্ট দিয়ে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন।

অভিযুক্ত শিক্ষার্থী নাহিয়ান শরীফ বিষয়টি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে ম‍্যানেজমেন্ট স্ট‍্যাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আবির হোসেনকে  কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে ম‍্যানেজমেন্ট স্ট‍্যাডিজ বিভাগের ছাত্র উপদেষ্টা সুরোজিত কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমার বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমি এ বিষয়ে বিস্তারিত বলতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ এখনো পাইনি। ভিক্টিমের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে অবশ্যই ব‍্যবস্থা নেব।