বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক বিশেষজ্ঞ মেডিকেল অফিসার তাদের পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরও পদোন্নতি পাচ্ছেন না। এই অবস্থায় পদোন্নতির দাবিতে সোমবার বিএসএমএমইউ এর প্রো-ভিসি প্রফেসর ডা. সাহানা আখতার রহমানের নিকট স্মারকলিপি দিয়েছেন পদোন্নতি বঞ্চিত মেডিকেল অফিসাররা।
স্মারকলিপিতে বলা হয়, অতীতে একটি নীতিমালা প্রয়োগ করে বহু চিকিৎসক মেডিকেল অফিসার থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে অধ্যাপক কিংবা বিভাগীয় চেয়ারম্যান হয়ে বৃহত্তর সেবা প্রদানের সুযোগ পেয়েছেন। বর্তমান সরকারের নীতিমালার আলোকে সরকারি মেডিকেল কলেজ সমূহে এবং অন্যান্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক পদোন্নতির মাধ্যমে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন ঘটিয়েছে।
কিন্তু বিএসএমএমইউ ১৪ সেপ্টেম্বর ২০০৯ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৩৩তম সিন্ডিকেট সভার মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের পূর্বের পদোন্নতি আইনকে রহিত করা হয়। এ কারণে প্রায় দুই শতাধিক মেডিকেল অফিসার পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিষয়টি অবহিত করে সমাধানের জন্য ইতিপূর্বে একাধিকবার তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাত করে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই স্মারকলিপির মাধ্যমে বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যসচিব, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও বিবেচনার জন্য তুলে ধরা হয়।