ইরাকে চলমান বিক্ষোভ থেকে আবারও দেশটির নাজাফ প্রদেশে অবস্থিত ইরানি কনস্যুলেটে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। গত রবিবার ইরাকের নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা ইরানি কনস্যুলেটে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে বিবিসি।
আগুন ছড়িয়ে পড়ার সময় কনস্যুলেটের ভেতরে কোনো কর্মকর্তা ছিলেন না। গত ২৮ নভেম্বর নাজাফে অবস্থিত ইরানি এই কনস্যুলেটে আগুন দেয় ইরাকের ক্ষমতাসীন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত দেশটির নাগরিকরা।
বাগদাদের দুর্নীতিগ্রস্ত ও ইরান সমর্থিত ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছেন হাজার হাজার ইরাকি। বিক্ষোভ থেকে ইরানের কনস্যুলেটে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে তেহরানবিরোধী তীব্র মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।
সংকট মোকাবিলায় ইরাক সরকার ও দেশটির রাজনৈতিক নেতৃত্বের নিষ্ক্রিয়তা সাধারণ জনগণের ক্ষোভকে তীব্র করেছে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি দেশটির নির্বাচনব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে ব্যাপক সংস্কারের অঙ্গীকার করেছিলেন।
টানা বিক্ষোভ-সহিংসতার মাঝে গত রবিবার দেশটির পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। তার এই পদত্যাগ পার্লামেন্টে গ্রহণ করা হয়েছে।