জনগণের মধ্যে বিভেদ ও অশান্তি সৃষ্টি করাই বিএনপি ও জামায়াতের রাজনৈতিক মতাদর্শ বলে মনে করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
গতকাল সোমবার দুপুরে পঞ্চগড় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্য সন্ত্রাস তৈরি করা, দুর্নীতি করা। তারা সম্প্রদায়িক বীষবাষ্প ছড়িয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। পঞ্চগড় সরকারি অডিটরিয়ামের এ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে যে দৃঢ় ঘোষণা তা দলের নেতাকর্মীদের মনে রাখতে হবে। জনগণের সাথে আমাদের সম্পর্ক হবে বিশ্বাসের, ভালোবাসার সম্পর্ক।’
পৌর আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাকিয়া তাবাস্সুম জুঁই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ বক্তব্য দেন।