‘সিনেমাওয়ালা’র অন্য রকম অর্জন

২০১৭ সালে যাত্রা শুরু করে মুহম্মদ মোস্তফা কামাল রাজের ভিজুয়াল প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’। মূলত ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক এই প্রতিষ্ঠানটি নাটক, গান, শর্টফিল্মসহ সব ধরনের ভিজুয়াল কনটেন্ট নিয়ে হাজির হতো দর্শকদের সামনে। ফেসবুক ও ইউটিউব কেন্দ্রিক প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মোস্তফা কামাল রাজ জানান, এ যাবৎ ৪৮৭টি ভিডিও কনটেন্ট প্রযোজনা করেছে সিনেমা ওয়ালা। বেশির ভাগ কনটেন্টই জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ইউটিউবে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার ছাড়িয়েছে প্রতিষ্ঠানটি। আর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে ‘গোল্ডেন প্লে বাটন’ দিয়েছে।

রাজ বলেন, ‘আজ সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলটি দশ লক্ষ পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর এমন দিনেই আমরা পেলাম ‘ইউটিউব গোল্ডেন প্লে_বাটন’। এটা সত্যিই আনন্দের। আমি ধন্যবাদ দিতে চাই চ্যানেলটির অগ্রযাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল এর জন্য কাজ করা সকল বিজ্ঞাপনদাতা, অভিনয়শিল্পী, পরিচালক, গায়ক, সংগীত পরিচালক, অ্যানিমেটর, ডিজাইনার, সিনেমাটোগ্রাফার, এডিটর সহ পর্দার সামনে ও পেছনে কাজ করা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দর্শকদেরও জানাই প্রাণঢালা ভালোবাসা। দর্শকদের কারণেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি।’

প্রতিনিয়ত মানসম্পন্ন কাজ করে যেতে চান রাজ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমার একটা ভালো টিম আছে। আমার যারা সহকারি আছেন, তারা প্রত্যেকেই ভবিষ্যতে এই প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন। তাদেরকে সেই সুযোগটা দিতে চাই।’

উল্লেখ্য, ছোটপর্দা ও বড় পর্দা- দুই মাধ্যমেই জনপ্রিয় রাজ। তার নির্মিত চলচ্চিত্রগুলো হচ্ছে, প্রজাপতি, তারকাটা, যদি একদিন।