নোয়াখালীর সুধারামের হাজী আমিন উল্যা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের ছয় দিন পার হলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে অপহৃতার ভাই আমির হোসেন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ছাত্রীর ভাই আমির হোসেন জানান, প্রতিদিনের মতো তার ছোট বোন গত ২৬ নভেম্বর স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে চরশুল্লকিয়া হাজী আমিন উল্যা বাজারের পশ্চিম পাশে এলে গ্রামের রকিব হোসেন, জসিমউদ্দিন, কামাল হোসেন, সেলিম একটি মাইক্রোতে তুলে নিয়ে যায়।
ঘটনার দিনই থানায় গেলে মামলা গ্রহণ না করে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করতে পরামর্শ দেয় পুলিশ। তারপর তারা গত পাঁচ দিন ধরে তার খোঁজ না পাওয়ায় সোমবার ওই চারজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন তিনি।
সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আবেতন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মামলার রেকর্ড প্রক্রিয়াধীন।