হাইকোর্ট বিভাগের ২০ কর্মকর্তা ও কর্মচারীকে বদলি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুটি শাখার প্রায় ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে।

রবিবার ও সোমবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয় বলে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।

অ্যাফিডেভিট ও ফাইলিং শাখার কর্মকর্তা-কর্মচারীদের হাইকোর্টের বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কাজের সুবিধার জন্য এটা করা হয়েছে। হাইকোর্টের যেসব শাখায় লোকবল কম, বদলি করা কর্মকর্তা-কর্মচারীদের সেখানে পদায়ন করা হয়েছে।

বদলির এ তালিকায় অ্যাফিডেভিট কমিশনার, ফাইলিং শাখার সুপার, এমএলএসএসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন।

এর আগে এভাবে একসঙ্গে এত কর্মকর্তা ও কর্মচারীর বদলির ঘটনা ঘটেনি।